বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বেসরকারি শিক্ষকদের বেতন-বিল নিয়ে সুখবর

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০২:২৪ পিএম

বেসরকারি শিক্ষকদের বেতন-বিল নিয়ে সুখবর

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ডিসেম্বর-২০২৫ মাসের বেতন-বিল (EFT Bill) সাবমিট করার অনলাইন অপশনটি চালু করা হয়েছে।

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ (এমপিও) মো. জহির উদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অধিদপ্তর থেকে জারি করা জরুরি নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আগামী ২৪ ডিসেম্বর (বুধবার)-এর মধ্যেই অনলাইনে এই বিল দাখিল সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

নির্দিষ্ট সময়ের মধ্যে বিল সাবমিট না করলে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা সরাসরি ব্যাংক হিসাবে প্রাপ্তিতে বিঘ্ন ঘটতে পারে।

প্রতিষ্ঠান প্রধানরা তাদের প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের ‘MPO-EFT’ মডিউলে লগ-ইন করে এই বিল সাবমিট করতে পারবেন।নির্দেশনায় আরও জানানো হয়েছে, কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসে বিধি অনুযায়ী তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে।

এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বেতন কর্তন বা বন্ধের প্রয়োজন হলে তা স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে শুধুমাত্র আইবাস (iBAS++) যাচাই শেষে ‘Valid’ হওয়া জনবলের তথ্যই সিস্টেমে যুক্ত রয়েছে। যাদের তথ্যে ভুল রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই শেষে পরবর্তীতে সাবমিটের সুযোগ দেওয়া হবে।