ডিসেম্বর ২৩, ২০২৫, ০২:৩৪ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকায় ব্যাপক লোকসমাগম ও তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় ওই দিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২৫ ডিসেম্বর।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট সড়ক) ব্যাপক জনসমাগম হতে পারে। এর ফলে বিমানবন্দরগামী সড়কে অস্বাভাবিক যানজট সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যাত্রীদের ফ্লাইট মিস হওয়া রোধে এবং যাত্রা নির্বিঘ্ন করতে আগেভাগে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২০ ফ্লাইটে তারেক রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে সারা দেশ থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী বিমানবন্দর এলাকায় জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষও এ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে। সাধারণ যাত্রীদের সুবিধার্থে বিমানবন্দর এলাকায় বিশেষ সতর্কতা ও সহযাত্রী প্রবেশে কড়াকড়ি আরোপের সম্ভাবনা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন