বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ভারতীয় হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:২২ পিএম

ভারতীয় হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল বাংলাদেশ

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং শিলিগুড়িতে ভিসা কেন্দ্রে উগ্রপন্থি গোষ্ঠীর হামলা, ভাঙচুর ও নিরাপত্তাহীনতার ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা জানাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তাকে মন্ত্রণালয়ে তলব করে সরকারের পক্ষ থেকে কড়া বার্তা প্রদান করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 নয়াদিল্লির কূটনৈতিক এলাকায় বাংলাদেশ মিশন প্রাঙ্গণে সংঘটিত সহিংস বিক্ষোভ এবং হাইকমিশনারের বাসভবনের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এছাড়া গত সোমবার শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে বিভিন্ন উগ্রপন্থি গোষ্ঠীর ভাঙচুরের ঘটনারও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তার মূল পয়েন্টসমূহ: পরিকল্পিত সহিংসতা: বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় এ ধরনের ঘটনাকে ‘পরিকল্পিত সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করা হয়েছে।নিরাপত্তা ঝুঁকি: এ ধরনের ঘটনা মিশনের কর্মীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এবং আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ক্ষুণ্ন করে বলে জানানো হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতের দাবি: ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক মিশনের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের ব্যর্থতা এবং ভবিষ্যতে যথাযথ নিরাপত্তা বিধানের দাবি জানানো হয়েছে।এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছিলেন যে, নয়াদিল্লিতে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ‘হিন্দু চরমপন্থিদের’ একটি দল হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে এবং হাইকমিশনারকে হুমকি দিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে ছোট করে দেখানোর চেষ্টা করলেও বাংলাদেশ এই ‘নিরাপত্তা ঘাটতি’র বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বরও উস্কানিদাতাদের ভারতে পালিয়ে যাওয়া রোধে সহযোগিতার দাবিতে প্রণয় ভার্মাকে একবার তলব করা হয়েছিল। ১০ দিনের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো তাকে তলবের ঘটনা।