ডিসেম্বর ২৩, ২০২৫, ০৭:৫২ পিএম
ময়মনসিংহে সম্প্রতি নৃশংস হত্যাকাণ্ডের শিকার কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে তার বাড়িতে গিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সরকারের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা সশরীরে উপস্থিত হয়ে শোকাতুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের আর্থিক ও কল্যাণমূলক সহায়তার নিশ্চয়তা দিয়েছেন।
শিক্ষা উপদেষ্টা পরিবারটিকে আশ্বস্ত করে বলেন, “এই হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধমূলক কাজ, যার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না এবং বাংলাদেশি সমাজে এর কোনো স্থান নেই।
তিনি আরও স্পষ্ট করেন যে, কোনো অভিযোগ, গুজব বা বিশ্বাসের পার্থক্য সহিংসতাকে জায়েজ করতে পারে না এবং রাষ্ট্র ছাড়া অন্য কারও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই।সরকারের গৃহীত পদক্ষেপসমূহ:গ্রেপ্তার ও তদন্ত: এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা ১২ জনকে গ্রেপ্তার করেছে। পুরো বিষয়টি নিয়ে নিবিড় তদন্ত চলছে।বিচারের প্রতিশ্রুতি: অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশ দিয়েছে যে, এই মামলাটি কোনো ব্যতিক্রম ছাড়াই অনুসরণ করা হবে এবং আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।
সহায়তা: দীপু চন্দ্র দাসের পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক এবং অন্যান্য কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে।সরকার আবারও পুনর্ব্যক্ত করেছে যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। একইসাথে সকল সম্প্রদায় ও নেতাদের যেকোনো ধরনের অস্থিরতা তৈরির প্রচেষ্টা প্রতিরোধ করে সংযম ও মানবিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন