ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:২৮ এএম
রাজধানীতে জেঁকে বসা ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কুয়াশার তীব্রতায় রানওয়ে স্পষ্ট না হওয়ায় আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে অবতরণ করতে না পারা ৮টি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।
শনিবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে ৩টি ফ্লাইটকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, ৪টি ফ্লাইটকে ভারতের কলকাতায় এবং ১টি ফ্লাইটকে থাইল্যান্ডের ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়: আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
ডাইভার্ট হওয়া ও বিলম্বে আসা ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় খাবার ও হোটেল সুবিধা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। কুয়াশা কেটে যাওয়ার পর ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো পুনরায় ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, শীতকালজুড়ে ঘন কুয়াশার কারণে প্রায়শই শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট শিডিউলে এমন বিপর্যয় দেখা দেয়। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন