শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

তীব্র শীতে নাজেহাল দেশ; ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রায় ১ লাখ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ১২:২৮ পিএম

তীব্র শীতে নাজেহাল দেশ; ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রায় ১ লাখ

টানা তিন সপ্তাহের তীব্র শৈত্যপ্রবাহে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড়কাঁপানো ঠান্ডার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতকালীন রোগবালাই। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই মাসে দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রায় ১ লাখ মানুষ শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

এই সময়ে ঠান্ডাজনিত বিভিন্ন জটিলতায় প্রাণ হারিয়েছেন ৪৬ জন।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মোট ৯৮,৭৪১ জন রোগী ঠান্ডাজনিত সমস্যায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শ্বাসতন্ত্রের সংক্রমণ: আক্রান্ত ২৯,৫৫৫ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের।ডায়রিয়া: আক্রান্ত ৬৯,১৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, রাজধানী ঢাকায় শ্বাসতন্ত্রের রোগী এবং চট্টগ্রাম বিভাগে ডায়রিয়া রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।বাংলাদেশ শিশু হাসপাতালের তথ্যমতে, শীতের প্রকোপ বাড়ায় স্বাভাবিক সময়ের তুলনায় শিশু রোগীর সংখ্যা ৩০-৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তারা দ্রুত নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও শিশু রোগীর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে।

হাসপাতালের পরিচালক ডা. পি কে এম মাসুদ উল ইসলাম জানিয়েছেন, শীতে শিশুদের শ্বাসনালির কার্যকারিতা দুর্বল হয়ে পড়ে। তাই শিশুদের সবসময় উষ্ণ রাখা এবং কুসুম গরম পানি পান করানোর পরামর্শ দিয়েছেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শীত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি উদ্বেগজনক থাকতে পারে। পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে বাড়তি শয্যা ও ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিশুদের মধ্যে নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে বা ঘনঘন পাতলা পায়খানা হলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।