জানুয়ারি ৫, ২০২৬, ০১:৩০ পিএম
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ধরনের খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল থেকে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের সাধারণ জনগণকে চরমভাবে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।চিঠিতে আরও বলা হয়, জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের কোনো খেলা বা অনুষ্ঠান কোনো মাধ্যমেই সম্প্রচার করা যাবে না।এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মোস্তাফিজ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
তারা এই সিদ্ধান্তকে ‘খেলার মধ্যে রাজনীতি’ ও ‘অন্যায্য’ হিসেবে অভিহিত করে আইপিএল বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে আজ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক আদেশের মাধ্যমে সেটি কার্যকর হলো।ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, ভারতের উগ্রবাদী গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআই-এর নেওয়া এই সিদ্ধান্ত দুই দেশের ক্রীড়া কূটনীতিতে বড় ধরনের ফাটল সৃষ্টি করল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে আইসিসিকেও বিষয়টি অবহিত করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন