শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

হলফনামায় মিথ্যা তথ্যের বিরুদ্ধে অভিযোগ চাইলেন ইসি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৩:২৫ পিএম

হলফনামায় মিথ্যা তথ্যের বিরুদ্ধে অভিযোগ চাইলেন ইসি

জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় কোনো প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে থাকলে এবং এরপরও তাঁর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হলে, সংক্ষুব্ধ যেকোনো ব্যক্তিকে অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল আবেদন দাখিলের বুথ পরিদর্শনে এসে ইসি সচিব আখতার আহমেদ এ কথা বলেন।

ইসি সচিব জানান সারা দেশে জমা পড়া ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে বাছাই শেষে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন ত্রুটির কারণে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। সচিব আরও উল্লেখ করেন,

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যাওয়ায় তাঁর নির্ধারিত তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়নি।

হলফনামায় মিথ্যা তথ্য প্রদানকারীদের বিষয়ে সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তারা হলফনামা যাচাই করেই প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। এরপরও যদি কারও কাছে সুনির্দিষ্ট তথ্য থাকে যে কোনো প্রার্থী মিথ্যা তথ্য দিয়েছেন বা তথ্য গোপন করেছেন, তবে আপনারা অভিযোগ দিতে পারবেন। যেকোনো ব্যক্তি এই বিষয়ে আপিল করতে পারবেন এবং কমিশন শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও প্রত্যাশা করেন যে, কোনো প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকলে সেই সংক্রান্ত অভিযোগও সংক্ষুব্ধরা কমিশনে জমা দেবেন।সচিব জানান, শুধু মনোনয়নপত্র বাতিল নয়, বরং কেউ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাধাপ্রাপ্ত হলেও সেই অভিযোগ কমিশন গুরুত্বের সঙ্গে শুনানিতে নেবে। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন ভবনের ১০টি বুথে এই আপিল জমা দেওয়া যাবে।

ইসি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এবার সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে (১৩৩টি) এবং সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে (৩১টি)। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে কমিশন সব আপিল ও অভিযোগ নিষ্পত্তি করবে।