সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বাংলাদেশিদের দিতে হবে সর্বোচ্চ জামানত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৫:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বাংলাদেশিদের দিতে হবে সর্বোচ্চ জামানত

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে এখন থেকে বাংলাদেশিদের বড় ধরনের আর্থিক শর্তের মুখোমুখি হতে হচ্ছে। ট্রাম্প প্রশাসনের নতুন ‘ভিসা বন্ড’ তালিকায় এবার বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, ব্যবসায়ী বা পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ৫ হাজার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর বা স্টেট ডিপার্টমেন্ট তাদের তালিকা আপডেট করার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিকভাবে এই তালিকায় মাত্র সাতটি দেশ থাকলেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে তা বাড়িয়ে ৩৮টি দেশে উন্নীত করা হয়েছে, যেখানে বাংলাদেশের নামও রয়েছে। বাংলাদেশের নাগরিকদের জন্য এই নতুন ভিসা বন্ড নিয়মটি আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

মূলত যারা স্বল্পমেয়াদী ভ্রমণ বা ব্যবসার উদ্দেশ্যে (বি১/বি২ ভিসা) আবেদন করবেন, তাদের ক্ষেত্রেই এই জামানত প্রযোজ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়লে এই জামানতের অর্থ বাজেয়াপ্ত করার পরিকল্পনা নিয়েছে মার্কিন প্রশাসন।পাশাপাশি, এই ভিসা বন্ড প্রক্রিয়ার মাধ্যমে যারা ভিসা পাবেন, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বের হওয়ার জন্য তিনটি নির্দিষ্ট বিমানবন্দর বরাদ্দ করে দেওয়া হয়েছে।

বিমানবন্দরগুলো হলো—বোস্টনের লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (BOS), নিউইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (JFK) এবং ওয়াশিংটনের ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (IAD)। এই তিন বিমানবন্দরের বাইরে অন্য কোনো রুট ব্যবহার করে পর্যটক বা ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে পারবেন না। ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতির ফলে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ব্যয় ও প্রক্রিয়া উভয়ই সাধারণ বাংলাদেশিদের জন্য অনেকটা জটিল হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।