জানুয়ারি ৭, ২০২৬, ০৬:৩১ পিএম
বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে চূড়ান্ত ও অনড় অবস্থান ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার। বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড পরিচালকদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি স্পষ্ট করে বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে বাংলাদেশ কোনো ধরনের আপস করবে না।
উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে জানান, আইপিএল থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়ার মাধ্যমে ভারতীয় বোর্ড (বিসিসিআই) পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে যে সেখানে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নেই।
তিনি বলেন, যেখানে বিসিসিআই নিজেরাই বলছে কলকাতা নাইট রাইডার্সকে যে মোস্তাফিজকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, তাই তাকে বাদ দাও—সেখানে আমাদের পুরো দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?" এই পরিস্থিতিকে তিনি কেবল নিরাপত্তা শঙ্কা নয়, বরং জাতীয় অবমাননা হিসেবেও অভিহিত করেন।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে আইসিসিকে ই-মেইলের মাধ্যমে এই উদ্বেগের কথা জানিয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, আইসিসিকে দ্রুত আরেকটি আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানানো হবে যে—বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে সেটি ভারতের ভেন্যুতে নয়। বিকল্প হিসেবে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। আসিফ নজরুল আশা প্রকাশ করেন যে, আইসিসি বাংলাদেশের এই যৌক্তিক দাবিগুলো সহৃদয়তা ও নিরপেক্ষতার সঙ্গে বিবেচনা করবে এবং টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও তাকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাবও দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিবি ও সরকার একমত হয়েছে যে, পর্যাপ্ত নিরাপত্তা গ্যারান্টি এবং খেলোয়াড়দের সম্মান নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ দল কোনোভাবেই ভারতের মাটিতে পা রাখবে না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন