জানুয়ারি ৭, ২০২৬, ০৯:৪৬ পিএম
দীর্ঘ আট বছরের বিরতি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বাংলাদেশে এসে পৌঁছেছে প্রায় ৫৮ হাজার টন হলদে ভুট্টার একটি বিশাল চালান। বুধবার চট্টগ্রাম বন্দরের কনফিডেন্স সিমেন্ট ঘাটে ‘এমভি বেলটোকিও’ নামের মাদার ভেসেলটি থেকে আনুষ্ঠানিকভাবে এই ভুট্টা খালাস কার্যক্রম শুরু হয়।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যাংকুভার বন্দর থেকে আসা এই চালানে নর্থ ও সাউথ ডাকোটা এবং মিনেসোটায় উৎপাদিত উচ্চমানের ভুট্টা রয়েছে।
দেশের পশুখাদ্য খাতের তিন শীর্ষ প্রতিষ্ঠান—নারিশ পোলট্রি, প্যারাগন গ্রুপ এবং নাহার অ্যাগ্রো গ্রুপ যৌথভাবে এই চালানটি আমদানি করেছে। এর মধ্যে নারিশ ২৯ হাজার টন, প্যারাগন ১৯ হাজার টন এবং নাহার অ্যাগ্রো ১০ হাজার টন ভুট্টা সংগ্রহ করবে।
চট্টগ্রাম বন্দরে এই চালানটিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অ্যাগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট। তিনি আমদানিকারকদের সাথে মতবিনিময়কালে এই বাণিজ্যিক লেনদেনকে দুই দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতের সহযোগিতায় একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।আমদানিকারকদের দেওয়া তথ্যমতে, প্রতি টন মার্কিন ভুট্টার আমদানি মূল্য পড়েছে ২৪৬ ডলার, যা ব্রাজিলের ভুট্টার (২৫১-২৬০ ডলার) তুলনায় বেশ সাশ্রয়ী।
বন্দরে পৌঁছানো পর্যন্ত প্রতি কেজি ভুট্টার খরচ পড়ছে প্রায় ৩৪ টাকা। নাহার অ্যাগ্রো গ্রুপের চেয়ারম্যান রাকিবুর রহমান জানান, দেশে ভুট্টার চাহিদার ৭০ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল। মার্কিন ভুট্টা আসতে সময় বেশি লাগলেও এর গুণগত মান পশুখাদ্যের উৎকর্ষ বাড়াতে সহায়ক হবে। বর্তমানে আমদানিকৃত ভুট্টার ৮৬ শতাংশ ব্রাজিল থেকে এলেও এখন যুক্তরাষ্ট্র সেই তালিকায় যুক্ত হওয়ায় বাজারে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন