জানুয়ারি ১১, ২০২৬, ১১:৫১ এএম
সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের পূর্ণ ও অবিচল সমর্থন রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) ২২তম বিশেষ অধিবেশনে তিনি এ কথা বলেন।
সোমালিয়ার একটি নির্দিষ্ট অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি প্রদান এবং এর ফলে দেশটির ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার ওপর সৃষ্ট প্রভাব নিয়ে আলোচনার জন্য ওআইসি এই জরুরি অধিবেশন আহ্বান করে।
ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে মুসলিম বিশ্ব।অধিবেশনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা।
সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় ওআইসির সম্মিলিত সংকল্পের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণরূপে একাত্ম রয়েছে। তিনি ইসরায়েলের এ ধরনের একতরফা স্বীকৃতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে ওআইসির প্রতি জোর আহ্বান জানান।তৌহিদ হোসেন আরও উল্লেখ করেন যে, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কোনোভাবেই আপসযোগ্য নয়। কোনো ধরনের অবৈধ আলোচনা বা উদ্যোগ কখনোই গ্রহণযোগ্য হবে না।
তিনি জোর দিয়ে বলেন, একতরফা সিদ্ধান্ত ও চাপের রাজনীতির চেয়ে ন্যায়বিচার এবং আন্তর্জাতিক আইনকে প্রাধান্য দিতে হবে।পররাষ্ট্রমন্ত্রী পরিষদের এই বিশেষ অধিবেশনে সোমালিয়া ইস্যুর পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের নিরবচ্ছিন্ন সংহতি ও সমর্থনের বিষয়টিও গুরুত্বের সাথে তুলে ধরা হয়। বৈঠকে ওআইসি সদস্য দেশগুলোর বিপুলসংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং মুসলিম উম্মাহর ঐক্য রক্ষায় একমত পোষণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন