জানুয়ারি ১১, ২০২৬, ১২:০২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াইয়ে নির্বাচন কমিশনে (ইসি) আজ দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু হয়।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজ আপিল আবেদনের ক্রমিক নম্বর ৭১ থেকে ১৪০ পর্যন্ত মোট ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন।
গতকাল শনিবার শুনানির প্রথম দিনে মোট ৭০টি আবেদনের শুনানি হয়। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রথম দিনে ৫২টি আপিল মঞ্জুর এবং ১৫টি নামঞ্জুর করা হয়েছে। মঞ্জুর হওয়া আবেদনের মধ্যে ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষিত একজনের প্রার্থিতা আপিল শুনানিতে বাতিল করা হয়েছে। এছাড়া তথ্যগত অসংগতির কারণে তিনটি আপিলের সিদ্ধান্ত মুলতবি রাখা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে এই আপিল শুনানি চলবে। সূচি অনুযায়ী:
১২ জানুয়ারি (সোমবার): ১৪১ থেকে ২১০ নম্বর আপিল।
১৩ জানুয়ারি (মঙ্গলবার): ২১১ থেকে ২৮০ নম্বর আপিল।
শুনানি শেষে রায়ের ফলাফল তাৎক্ষণিকভাবে মনিটরে প্রদর্শন করা হচ্ছে। এছাড়া রায়ের পিডিএফ কপি সংশ্লিষ্ট প্রার্থী ও রিটার্নিং কর্মকর্তার ই-মেইলে পাঠানোর পাশাপাশি কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হচ্ছে। ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত শুনানির রায়ের অনুলিপি ১২ জানুয়ারি নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।
এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। যোগ্য প্রার্থীরা তাদের আইনি লড়াইয়ের মাধ্যমে নির্বাচনের মূল লড়াইয়ে ফিরতে পারবেন বলে আশা করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন