বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

ইন্টারনেট বন্ধ নিয়ে দেয়া বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ০১:৪৭ পিএম

ইন্টারনেট বন্ধ নিয়ে দেয়া বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক

‘ইন্টারনেট বন্ধ করিনি, এটি নিজেই বন্ধ হয়ে গেছে’—বিগত সরকারের সময়ে গণমাধ্যমে দেওয়া সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এই আলোচিত বক্তব্য আজ খোদ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে শুনতে হলো তাকেই।

রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ গঠনের শুনানির সময় প্রসিকিউশন এই ভিডিও বক্তব্যটি বিচারককে শোনান।

শুনানি চলাকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সুপরিকল্পিতভাবে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছিল।

তৎকালীন সরকার দায় এড়াতে সাবমেরিন ক্যাবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুনের অজুহাত দিলেও আদতে এটি ছিল সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের যৌথ ‘নীলনকশা’। প্রসিকিউশন পলক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের মধ্যকার এ সংক্রান্ত গোপন কথোপকথনও আদালতকে পড়ে শোনান।গত ৪ ডিসেম্বর এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পর ট্রাইব্যুনাল তা আমলে নেয় এবং সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

জয় বর্তমানে পলাতক থাকায় তার পক্ষে ‘স্টেট ডিফেন্স’ হিসেবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ গঠনের শুনানি আজ শেষ হয়েছে। আদালত আগামী ১৫ জানুয়ারি আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করেছেন।এদিকে প্রসিকিউটর আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় তার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার আবেদনটি আগামী কাল বা পরশুর মধ্যেই চেম্বার আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হবে।