শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ডব্লিউএইচওতে পুতুলকে ফেরাতে আওয়ামী লীগের জোর লবিং

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ০৯:৫৭ এএম

ডব্লিউএইচওতে পুতুলকে ফেরাতে আওয়ামী লীগের জোর লবিং

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক দপ্তরে ফেরাতে জোর তৎপরতা শুরু করেছে গত আগস্টে ক্ষমতা হারানো দল আওয়ামী লীগ। বর্তমানে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা এই রাজনৈতিক দলটি ভারত ও যুক্তরাষ্ট্রভিত্তিক একাধিক লবিস্ট ফার্ম নিয়োগ করে পুতুলকে স্বপদে ফেরানোর চেষ্টা চালাচ্ছে।

 ব্যাপক বিতর্ক ও দুর্নীতির অভিযোগের মুখে দীর্ঘদিন ধরে ছুটিতে থাকা পুতুলকে পুনরায় কাজে যোগ দেয়ার সুযোগ করে দিতে লবিস্টরা ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন জমা দিয়েছে।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব আবেদনের প্রেক্ষিতে বর্তমান বাংলাদেশ সরকারের মতামত জানতে চেয়েছে। আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ দুর্নীতি দমন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সরকারের পক্ষ থেকে এর জবাব দেয়া হয়েছে অত্যন্ত কঠোরভাবে।

 চিঠির উত্তরে পুতুলের বিরুদ্ধে বাংলাদেশে চলা দুর্নীতির মামলার রায় এবং তার সাজা সংক্রান্ত সব নথি সংযুক্ত করা হয়েছে। সরকারের সংশ্লিষ্টরা বলছেন একজন পলাতক ও দণ্ডিত আসামি কোনোভাবেই আন্তর্জাতিক এমন একটি সংস্থায় দায়িত্ব পালন করতে পারেন না।আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এই বিষয়ে তার স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তিনি মনে করেন সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি। তাকে যদি পুনরায় নিয়োগ দেয়া হয় তবে সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

 এটি একটি নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন। মূলত নৈতিক স্খলন ও ফৌজদারি অপরাধে দণ্ডিত কেউ যেন এমন মর্যাদাপূর্ণ পদে বসতে না পারে সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর।লবিংয়ের এই প্রক্রিয়ায় আওয়ামী লীগ ভারত ও আমেরিকার দুটি শক্তিশালী লবিস্ট ফার্মকে অর্থায়ন করছে বলে তথ্য পাওয়া গেছে। এই লবিস্টরা দাবি করছে পুতুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো দলিলে দেখা গেছে পুতুল রাজউকের পূর্বাচল প্রকল্পে ভুয়া হলফনামা দিয়ে প্লট বরাদ্দ নিয়েছিলেন।

 এই মামলায় গত ২৭ নভেম্বর আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন। ২৮ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে এই সাজা ঘোষণা করা হয়।তাছাড়া পুতুলের নিয়োগের শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ ছিল। তিনি কানাডার নাগরিকত্বের তথ্য গোপন করেছিলেন এবং তার মা শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তাকে এই পদে বসাতে প্রভাব খাটিয়েছিলেন বলে তথ্য মিলেছে।

 এমনকি বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটও তার যোগ্যতাহীনতা নিয়ে প্রশ্ন তুলেছিল। বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে ডব্লিউএইচওকে এসব তথ্য প্রমাণ সরবরাহ করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন এসব দালিলিক প্রমাণের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে চূড়ান্তভাবে অব্যাহতি দেবে এবং সংস্থার মর্যাদা রক্ষা করবে।