শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সপ্তম দিনে ইসিতে আপিল শুনানিতে বৈধ ১৮ প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:৩১ পিএম

সপ্তম দিনে ইসিতে আপিল শুনানিতে বৈধ ১৮ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে আরও ১৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

এদিন মোট ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন।শুনানি শেষে ইসি সচিবালয় জানায়, ১৮টি আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 

অন্যদিকে, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা ১৭টি আবেদন এবং মনোনয়ন বৈধ হওয়ার বিরুদ্ধে করা ৪টি আবেদন নামঞ্জুর করা হয়েছে। আইনি জটিলতা থাকায় ৪টি আবেদনের রায় আপাতত অপেক্ষমাণ রেখেছে পূর্ণাঙ্গ কমিশন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা ৩ শ’ নির্বাচনি এলাকায় ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি বাতিল করেছিলেন। বাতিলের বিপরীতে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে। কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামীকাল ১৭ জানুয়ারি (শনিবার) ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামী ১৮ জানুয়ারি অবশিষ্ট আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম সম্পন্ন হবে।