রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

জরুরি সংবাদ সম্মেলনের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ১২:৩০ পিএম

জরুরি সংবাদ সম্মেলনের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক এবং ঋণখেলাপিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণার প্রতিবাদ এবং পরবর্তী কর্মসূচি নির্ধারণে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকেই নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে দুর্নীতিবাজ ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকদের আইনপ্রণেতা হিসেবে দেখতে চায় না ছাত্রসমাজ। 

নির্বাচন কমিশনের এই ধরনের নমনীয়তাকে ‘ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রক্রিয়া’ হিসেবে দেখছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনি ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে সংগঠনের সমন্বয়করা বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন। উল্লেখ্য যে, এর আগে সংগঠনটি জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচন থেকে দূরে রাখার দাবিতে সরব ছিল।

এর আগে গত ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ তিন দফা দাবি পেশ করেছিলেন। সেই দাবিতে জুলাই-আগস্টের খুনিদের কোনোভাবেই জামিন বা খালাস না দেওয়া এবং বিশেষ তদন্ত টিম ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছিল। আজকের সংবাদ সম্মেলনে মনোনয়ন সংক্রান্ত প্রতিবাদের পাশাপাশি সেই তিন দফা দাবির বাস্তবায়নে আলটিমেটাম দেওয়া হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।