জানুয়ারি ২৯, ২০২৬, ১০:০০ পিএম
সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সের বিরুদ্ধে ঐতিহাসিক রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট’ (ইকসিড) ট্রাইব্যুনাল বাংলাদেশকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকার বেশি) ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা দিয়েছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান আন্তর্জাতিক আদালতের এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৫ সালের বিস্ফোরণের ফলে বাংলাদেশের যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল, তা বিবেচনায় নিয়ে নাইকো রিসোর্সকে এই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
পটভূমি ও বিস্ফোরণের ইতিহাস: সুনামগঞ্জের ছাতকে অবস্থিত টেংরাটিলা গ্যাসক্ষেত্রটি ১৯৫৯ সালে আবিষ্কৃত হয়। পরবর্তীতে ২০০৩ সালে গ্যাস অনুসন্ধানের জন্য এটি নাইকোর কাছে হস্তান্তর করা হয়।
খনন কাজ চলাকালে ২০০৫ সালের ৭ জানুয়ারি এবং একই বছরের ২৪ জুন পরপর দুটি মারাত্মক বিস্ফোরণ ঘটে। এই অগ্নিকাণ্ডে গ্যাসক্ষেত্রের বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পুড়ে যায় এবং আশপাশের পরিবেশ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।বিস্ফোরণের পর পেট্রোবাংলা নাইকোর কাছে ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল, যা দিতে কোম্পানিটি অস্বীকৃতি জানালে বিষয়টি আন্তর্জাতিক আদালতে গড়ায়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায় বাংলাদেশের পক্ষে এলো।
বিশেষজ্ঞরা মনে করেন, যদিও একটি স্তরের গ্যাস পুড়ে গেছে, তবে ছাতক পূর্ব ও পশ্চিমের অন্যান্য স্তরে এখনও ২ থেকে ৫ ট্রিলিয়ন ঘনফুট সম্ভাব্য গ্যাস মজুত রয়েছে। আদালতের এই রায়ের ফলে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ওপর জাতীয় অধিকার আরও সুসংহত হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন