ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:০৩ পিএম
বাংলাদেশি ভ্রমণপিপাসু ও ব্যবসায়ীদের জন্য তুরস্কের ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) থেকে ঢাকায় কার্যক্রম শুরু করেছে তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র ‘মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (Mosaic Visa Application Center)। আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে সাধারণ গ্রাহকদের কাছ থেকে তুরস্কের ভিসার আবেদন গ্রহণ শুরু করবে।
ঢাকার বনানীতে অবস্থিত এই কেন্দ্রটি তুরস্ক দূতাবাসের অনুমোদিত প্রতিনিধি হিসেবে কাজ করবে। এর আগে মোসাইক বিশ্বের অন্যান্য দেশে তাদের কার্যক্রম পরিচালনা করলেও এই প্রথম বাংলাদেশে তাদের কেন্দ্র চালু করল। বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে অবস্থিত এই কেন্দ্রটি থেকে ভিসা সংক্রান্ত যাবতীয় সেবা পাওয়া যাবে।
সময়সূচি ও নিয়মাবলি:
আবেদন জমা: রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
পাসপোর্ট সংগ্রহ: দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্য: সরাসরি গিয়ে আবেদন জমা দেওয়া যাবে না; এর আগে অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ‘অ্যাপয়েন্টমেন্ট’ গ্রহণ করতে হবে।
ভিসা ফি-র তালিকা (২০২৬): তুরস্কের দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন মেয়াদের ভিসার জন্য নির্ধারিত ফি-র একটি তালিকা প্রকাশ করা হয়েছে:
সিঙ্গেল এন্ট্রি (৩ মাস): ২৪,৭৫০ টাকা
সিঙ্গেল এন্ট্রি (৬ মাস): ২৭,৬২৫ টাকা
সিঙ্গেল এন্ট্রি (১২ মাস): ৩০,৫০০ টাকা
মাল্টিপল ভিসা (৩ মাস): ৪১,০০০ টাকা
মাল্টিপল ভিসা (১২ মাস): ৪৬,৭৫০ টাকা
ডাবল ট্রানজিট: ৩২,২৫০ টাকা
এছাড়াও প্রিপিয়াম লাউঞ্জ সেবার জন্য ৮,০০০ টাকা অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ছোটখাটো সেবার মধ্যে বায়োমেট্রিক ছবি ২০০ টাকা এবং এসএমএস চার্জ ৪০ টাকা রাখা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন