ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:৫১ পিএম
অবশেষে ‘লীগ’ অনুপ্রবেশের আশঙ্কা এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র এড়াতে শাহবাগ মোড় থেকে অবরোধ প্রত্যাহার করে ঘরে ফিরে গেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ এলাকা ত্যাগ করেন। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের বিশেষ নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আন্দোলনকারীরা জানান, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত অপেক্ষা নয়, বরং কাল শনিবার (৭ ফেব্রুয়ারি) নতুন কর্মসূচির মাধ্যমে পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।
অবরোধ প্রত্যাহারের সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবাইর ও ছাত্রনেতা মুসাদ্দেক আলী বলেন, "ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল শনিবার নতুন কর্মসূচি জানানো হবে। সেই ঘোষণা অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী চেষ্টা চালাচ্ছে, তাই সবাইকে নিরাপদে ঘরে ফেরার অনুরোধ করা হচ্ছে।
এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি ঘোলাটে করার এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা করছে।উল্লেখ্য, আজ বিকেল থেকে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় এলাকাটি উত্তপ্ত ছিল।
টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডের আঘাতে অনেক নেতাকর্মী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। ইনকিলাব মঞ্চের নেতারা স্পষ্ট করেছেন যে, তারা কোনোভাবেই উসকানিতে পা দিয়ে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চান না, তাই কৌশলগত কারণেই আজকের অবস্থান ত্যাগ করেছেন। বর্তমানে শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন