ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:০৭ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে আগের কঠোর অবস্থান থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। এর আগে কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হলেও নতুন নির্দেশনায় সেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের সহকারী সিনিয়র সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি পরিপত্রের মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে সব রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটাররা এখন ভোটকেন্দ্রে তাদের সঙ্গে মোবাইল ফোন বহন করতে পারবেন তবে ভোটের গোপনীয়তা রক্ষায় গোপন কক্ষ বা মার্কিং প্লেসে ফোন বের করা বা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নির্বাচন কমিশনের এই নতুন নির্দেশনায় কারা ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন তার একটি স্পষ্ট তালিকা দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী ভোটকেন্দ্রের সার্বিক দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ইনচার্জ তাদের দাপ্তরিক প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
এছাড়াও ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার বা সাধারণ আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে যারা `নির্বাচন সুরক্ষা ২০২৬` অ্যাপ ব্যবহার করছেন এমন দুইজন সদস্য মোবাইল ফোন ব্যবহারের অনুমতি পাবেন। সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি ও বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষকরাও তাদের পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এমনকি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্টরাও কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন।
তবে নির্বাচন কমিশন অত্যন্ত কঠোরভাবে উল্লেখ করেছে যে ভোটের পবিত্রতা ও গোপনীয়তা রক্ষা করা সবার নৈতিক ও আইনি দায়িত্ব। তাই ভোটার থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা সাংবাদিক কেউই গোপন কক্ষে প্রবেশ করার পর মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ব্যালট পেপারে সিল মারার সময় ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ।
এই নির্দেশনা অমান্য করলে তা নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য হবে। কমিশনের এই নির্দেশনা ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগ এবং পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) প্রশাসনের সব গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে এর আগে গত রোববার রাতে নির্বাচন কমিশন এক নির্দেশনায় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল যা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সম্পন্ন করতেই কমিশন এই সংশোধিত ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন