ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:০৭ এএম
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার দিবাগত মধ্যরাত (রাত ১২টা) থেকে সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। ফলে আজ বুধবার সকাল থেকেই রাস্তায় মোটরসাইকেলের উপস্থিতি নেই বললেই চলে।
মোটরসাইকেলের পাশাপাশি আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে নির্বাচনের দিন বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে কিছু যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকদের গাড়ি এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্র ও টেলিযোগাযোগ কাজে ব্যবহৃত গাড়ি চলাচল করতে পারবে।এছাড়া বিমানবন্দরগামী বা বিদেশফেরত যাত্রীরা টিকিট বা প্রমাণ প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবেন।
রিটার্নিং অফিসারের অনুমতি ও স্টিকার সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের নির্দিষ্ট সংখ্যক গাড়ি চলাচলের সুযোগ রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন সড়কে শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটরা স্থানীয় পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিধিনিষেধ শিথিল করার ক্ষমতা রাখবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন