ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:২৫ এএম
সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (ঢাকা-৮ আসন) নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন।
সিইসি বলেন, “আজকে বাংলাদেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে। ইনশাআল্লাহ এই ট্রেন গন্তব্যে পৌঁছাবে।” তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নিরলস কাজ করেছে।
দেশের ভোট উৎসবের চিত্র তুলে ধরে তিনি বলেন, “ঈদের মতো পরিবেশ তৈরি হয়েছে। মানুষ ট্রেন, বাস ও লঞ্চে করে গ্রামে ভোট দিতে গেছেন। ভোরের কুয়াশা উপেক্ষা করে নারীদের দীর্ঘ লাইন আমাদের শক্তি জোগাচ্ছে।” কিছু রাজনৈতিক দলের ‘পাতানো নির্বাচন’র অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “বাস্তব পরিস্থিতিই এর জবাব দেবে। কেন্দ্র দখল বা বাক্স দখলের ইতিহাস এখন অতীত।”
গুজব ও অপপ্রচারকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সিইসি বলেন, এআই (AI) ব্যবহার করে দেশের বাইরে থেকে গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে মূলধারার গণমাধ্যম ও ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি জানান, প্রায় ১২ কোটি ৭০ লাখ ভোটারের জন্য গণভোটসহ প্রায় ২৫ কোটি ৪০ লাখ ব্যালট পেপার ছাপানো হয়েছে এবং ১৭ লাখ কর্মী এই বিশাল কর্মযজ্ঞে নিয়োজিত আছেন। ৭৪ বছর বয়সী এই নির্বাচন কমিশনার বলেন, “ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই; জাতির এই ক্রান্তিকালে একটি অবদান রাখাই আমার লক্ষ্য।”

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন