শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

ভোট দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:২৮ এএম

ভোট দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকালে তিনি কেন্দ্রে উপস্থিত হন। এবারই প্রথম ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন—একটি স্থানীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি রাষ্ট্র সংস্কারের ‘জুলাই সনদ’ বা গণভোটের পক্ষে-বিপক্ষে রায়ের জন্য। 

প্রধান উপদেষ্টা দুটি ব্যালটেই নিজের মতামত ব্যক্ত করেন। ভোট দেওয়ার পর তিনি কেন্দ্রের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন।ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি। 

সারা দেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর মধ্যে বিএনপি সর্বোচ্চ ২৯১ জন, ইসলামী আন্দোলন ২৫৮ জন, জামায়াতে ইসলামী ২২৯ জন এবং জাতীয় পার্টি ১৯৮ জন প্রার্থী দিয়েছে। এছাড়া ছাত্র-জনতার দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) ৩২টি আসনে লড়ছে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও আনসারসহ প্রায় ১০ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে রয়েছেন। দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে অবাধে ভোটগ্রহণ চলছে। প্রধান উপদেষ্টার ভোটদান সাধারণ ভোটারদের মাঝে আস্থার সঞ্চার করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।