শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান সেনাপ্রধানের

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:৫৬ এএম

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান সেনাপ্রধানের

সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই গণতান্ত্রিক উৎসবে অংশ নিয়ে দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান আজকের দিনটিকে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ভোটের একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। 

আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট প্রদান করবেন।সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ইনশাআল্লাহ আমরা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আপনারা সারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছেন।

এতে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহিত হচ্ছে।উল্লেখ্য, সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাপ্রধানের এই অভয়বাণী ভোটারদের আস্থা আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।