শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

আজ থেকে প্রতি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আমাদের : প্রধান উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৩১ এএম

আজ থেকে প্রতি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আমাদের : প্রধান উপদেষ্টা

সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভোট দেওয়ার পর তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার উদাত্ত আহ্বান জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ আজকের দিনটিকে জাতির জন্য ‘মুক্তি’ ও ‘আনন্দের দিন’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন।”

এবারের নির্বাচনে এমপি নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রার্থীদের ভোট যেমন গুরুত্বপূর্ণ, গণভোটও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি।

জুলাই বিপ্লব পরবর্তী এই নির্বাচনকে তিনি দুঃস্বপ্নের অবসান হিসেবে দেখছেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।ভোটকেন্দ্রের পরিবেশ ছিল অত্যন্ত উৎসবমুখর। প্রধান উপদেষ্টার এই ইতিবাচক ও অনুপ্রেরণামূলক বক্তব্য ভোটারদের, বিশেষ করে তরুণ প্রজন্মকে ভোটকেন্দ্রে যেতে আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।