ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:১০ পিএম
সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ভোট দেওয়া শেষে তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন।ডিএমপি কমিশনার বলেন, “গত ছয় মাস ধরে গুজব শুনছি ভোট হবে না, এটা হবে, সেটা হবে।
কিন্তু আজ আপনারা নিজেরাই দেখছেন চমৎকার ভোট হচ্ছে। কোনো শঙ্কাও নেই।” তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সেদিকেই এগোচ্ছে।২০১৮ সালের নির্বাচনের তিক্ত স্মৃতিচারণ করে তিনি বলেন, “১৮ সালের নির্বাচনে আমি এই কেন্দ্রেই ভোট দিতে এসেছিলাম।
তখন আমি অবসরে ছিলাম। গেট পার হয়ে ভেতরে যাওয়ার পর আমাকে বলা হলো—‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে’। এই কথা শুনে আমি গেট থেকেই ফেরত চলে গিয়েছিলাম।” দীর্ঘ ১৭ বছর পর মানুষ তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারায় এবং নিজেও সেই ভোটে শরিক হতে পেরে আনন্দিত বলে জানান পুলিশ কমিশনার।
তিনি বর্তমানে মিন্টো রোডে বসবাস করলেও ভোটার হিসেবে মোহাম্মদপুর এলাকাতেই ভোট দিয়েছেন। ডিএমপি কমিশনারের এই বক্তব্য ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ সম্পর্কে আরও আশ্বস্ত করবে বলে মনে করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন