ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:০১ পিএম
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ’ সংক্রান্ত গণভোটের প্রাথমিক বেসরকারি ফলাফলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া বিভিন্ন সংসদীয় আসনের আংশিক ফলাফল অনুযায়ী, ভোটাররা বর্তমান রাষ্ট্র সংস্কার ও সংবিধান পরিবর্তনের পক্ষে তাদের সুষ্পষ্ট রায় দিয়েছেন।
ঢাকা ও এর আশপাশের ১০৬টি ভোটকেন্দ্রের সমন্বিত ফলাফলে দেখা গেছে, সংস্কার প্রস্তাবগুলোর সমর্থনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৯ হাজার ৩৪৭টি, বিপরীতে সংস্কারের বিপক্ষে ‘না’ ভোট পড়েছে মাত্র ১৯ হাজার ৯৪৫টি।
অন্তর্বর্তী সরকারের নেওয়া এই উদ্যোগের মাধ্যমে নাগরিকরা সরাসরি তাদের মতামত দেওয়ার সুযোগ পেয়েছেন যে আগামী দিনের বাংলাদেশ কোন পথে চলবে। যদি চূড়ান্ত ফলাফলেও ‘হ্যাঁ’ জয়ী হয়, তবে নবনির্বাচিত সংসদ পরবর্তী ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধানে বড় ধরণের সংস্কার আনতে বাধ্য থাকবে।
এর মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা এবং বিচারবিভাগের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। আজ সকাল থেকেই ভোটাররা সংসদ নির্বাচনের সাদা ব্যালটের পাশাপাশি গণভোটের গোলাপি ব্যালট হাতে নিয়ে কেন্দ্রে হাজির হন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই গণভোট নিয়ে বাড়তি আগ্রহ দেখা গেছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সফল আয়োজনের জন্য জাতিকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পাশাপাশি গণভোটের পূর্ণাঙ্গ ফলাফলও ধাপে ধাপে প্রকাশ করা হবে। এই জনরায়ের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন