বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:১৩ পিএম

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর, বিশেষ করে পুলিশের পেশাদারিত্ব ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই নির্বাচনের সফল আয়োজনের মধ্য দিয়ে পুলিশ বাহিনী তাদের হারানো আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

প্রেস সচিব উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের মনোবল নিয়ে অনেকের মনেই সংশয় ছিল। কিন্তু এবারের নির্বাচনে তারা যে দক্ষতা ও নিরপেক্ষতা প্রদর্শন করেছে, তাতে মন্ত্রিসভা সন্তোষ প্রকাশ করেছে। 

তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রথমবারের মতো বড় পরিসরে ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে পুলিশ সদর দপ্তরে বসে প্রযুক্তির মাধ্যমে সরাসরি ১৭টি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। 

এছাড়া ‘সুরক্ষা অ্যাপ’ এবং সিসিটিভি ক্যামেরা নির্বাচনি সমন্বয়ে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে বলে তিনি জানান।সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টার বরাতে শফিকুল আলম জানান, নির্বাচন পরবর্তী সহিংসতায় সারাদেশে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তদন্তে দেখা গেছে মাত্র একজন রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন। 

হাতিয়ায় এক নারী লাঞ্ছিত হওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঐতিহাসিক ও সফল এই নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। প্রেস সচিবের মতে, এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি ‘সেরা নির্বাচন’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।