ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:৩৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এই তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সারাদেশে গড় ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। প্রাপ্ত ভোটের পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে সর্বাধিক ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়ে প্রথম অবস্থানে রয়েছে। দলটি ২৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ২০৯টিতে জয়লাভ করেছে।
ভোটের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি মোট ভোটের ৩১ দশমিক ৭৬ শতাংশ পেয়ে ৬৮টি আসনে জয়লাভ করেছে। উল্লেখ্য, জামায়াত ২২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
তৃতীয় অবস্থানে কোনো রাজনৈতিক দল নয়, বরং স্বতন্ত্র প্রার্থীরা জায়গা করে নিয়েছেন। সারাদেশে ২৭৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা লড়াই করে মোট ভোটের ৫ দশমিক ৭৯ শতাংশ সংগ্রহ করেছেন।
নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২টি আসনে প্রার্থী দিয়ে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে এবং তাদের ৬ জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৭০ শতাংশ (১টি আসন) এবং বাংলাদেশ খেলাফত মজলিশ ২ দশমিক শূন্য ৯ শতাংশ ভোট পেয়েছে।
অন্যদিকে, জাতীয় পার্টি (লাঙ্গল) ১৯৯টি আসনে প্রার্থী দিলেও তাদের প্রাপ্ত ভোটের হার ছিল মাত্র দশমিক ৮৯ শতাংশ। কমিশনের এই পরিসংখ্যান নির্বাচনের সামগ্রিক চিত্র এবং জনমতের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন