ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:২১ এএম
নবনির্বাচিত সরকার শপথ গ্রহণ করার পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে তিনি স্পষ্ট করেছেন যে, পুলিশ বাহিনী পুরোপুরিভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠ পর্যায়ে মোতায়েন থাকবে।
সোমবার বেলা ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ১৫ মিনিটের এই অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের অসামান্য পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান তিনি উল্লেখ করেন, দেশের একটি কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যেভাবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে।
তা সাধারণ মানুষের মনে সেনাবাহিনীর প্রতি আস্থা আরও সুদৃঢ় করেছে। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা দেশ ও জাতি দীর্ঘকাল স্মরণ রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেনাপ্রধান জানান, সেনাবাহিনী বরাবরই সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে অর্পিত দায়িত্ব পালন করে আসছে।বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে সেনাসদস্যদের ধৈর্য ধরার পরামর্শ দেন এবং বলেন যে আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।
মাঠ পর্যায়ে কাজ করার সময় যেকোনো পরিস্থিতিতে ধৈর্য, সংযম ও পেশাদারত্ব বজায় রাখার জন্য তিনি সদস্যদের বিশেষ আহ্বান জানান। রাজনৈতিক উত্তরণ ও নতুন সরকার গঠনের এই সন্ধিক্ষণে সেনাবাহিনীর অবস্থান অত্যন্ত পরিষ্কার বলে তিনি তার বক্তব্যে ফুটিয়ে তোলেন। মূলত পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং বেসামরিক প্রশাসনকে পূর্ণ সহযোগিতার লক্ষ্যেই সেনাবাহিনী বর্তমানে কাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন