ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:৪১ এএম
বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কূটনৈতিক পাড়ায়। মঙ্গলবার অনুষ্ঠেয় এই শপথ অনুষ্ঠানে অংশ নিতে দক্ষিণ এশিয়ার ৬টি দেশের শীর্ষ প্রতিনিধিরা ঢাকায় আসছেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।
এ ছাড়া যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও এই ঐতিহাসিক মুহূর্তে অংশ নিতে ঢাকা আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকারের সঙ্গে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও প্রতিনিধিদলে থাকছেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খলিল এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।
তবে কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে, শেষ মুহূর্তে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খলিলের পরিবর্তে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু নিজেই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। অংশগ্রহণকারী দেশগুলোর এই তালিকা আরও দীর্ঘ হতে পারে বলে আশা করছে মন্ত্রণালয়।উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, ভারত ও পাকিস্তানসহ মোট ১৩টি দেশের সরকার প্রধানকে এই শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।
আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের বিশাল আয়োজন করা হয়েছে। এই আয়োজনকে ঘিরে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক এই প্রতিনিধিদের উপস্থিতি নতুন সরকারের জন্য কূটনৈতিক ক্ষেত্রে এক ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন