বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:৩৬ এএম

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

ঢাকায় বিদেশি প্রতিনিধিরা

বাংলাদেশের নতুন সরকারের অভিষেক ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বন্ধুপ্রতীম বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা রাজধানী ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। সোমবার দুপুর থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত সময়ের মধ্যে যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশে এসে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। 

নবনির্বাচিত সরকারের এই বিশেষ যাত্রালগ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সরব উপস্থিতি কূটনৈতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।যুক্তরাজ্যের পক্ষ থেকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা এবং তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিশ একিনচি ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছেন। 

পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করতে ঢাকায় পৌঁছেছেন। 

এ ছাড়া চীন, জাপান, ভারত ও সৌদি আরবসহ ১৪টি দেশের সরকার প্রধানকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে চীন, জাপান ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশে নিযুক্ত তাদের নিজ নিজ রাষ্ট্রদূতরা।শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মঙ্গলবার সকাল ১০টা থেকে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিন ধাপে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাচ্ছেন। প্রতিটি ধাপে ১০০ জন করে সংসদ সদস্য শপথ গ্রহণ করছেন। সংসদের শপথ গ্রহণ কক্ষে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দুপুরে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

ওই বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হবে। এরপর বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যরাও রাষ্ট্রপতির কাছে শপথ পাঠ করবেন।গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন। 

অন্যদিকে নির্বাচনে ৬৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান। আজ সন্ধ্যায় নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 

খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং গণভবন ও লেক রোড এলাকায় যান চলাচল সীমিত রাখা হয়েছে। বিশেষ এই দিনটিতে সংসদ ভবন এলাকায় জনসাধারণের ভিড় এড়াতে পুলিশ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিকেলের বর্ণাঢ্য এই শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি কয়েক হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।