ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৬:১২ পিএম
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসেই রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণের পর তাঁর আগামীকালের কার্যসূচি চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে,
আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের পর তিনি সেখান থেকে রাজধানীতে ফিরে রাষ্ট্রীয় দাপ্তরিক কাজে মনোনিবেশ করবেন।
শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসেই নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। আগামীকাল বিকেলে সচিবালয়ে তাঁর সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে।
একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও একটি বিশেষ সমন্বয় সভায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই বৈঠকে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে সরকারের প্রাথমিক লক্ষ্যমাত্রা ও রাষ্ট্রীয় সংস্কারের রোডম্যাপ নিয়ে আলোচনা করবেন। দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এই যাত্রা শুরু হওয়ায় প্রশাসনের গতিশীলতা বজায় রাখাকেই নতুন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।এর আগে আজ বিকেলে এক ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছে দেশ। প্রথা ভেঙে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।
অনুষ্ঠানে চীন, ভারত, পাকিস্তান ও সৌদি আরবসহ ১৩টি দেশের বিশ্বনেতা ও প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নয়াদিল্লির প্রতিনিধি হিসেবে এই অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়াও বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধান এবং কূটনৈতিক কোরের সদস্যসহ সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিএনপি জোটের শরিকরা আরও ৩টি আসনে বিজয়ী হয়। নির্বাচনের মাত্র পাঁচ দিনের মাথায় এই নতুন সরকার গঠিত হলো। শপথ গ্রহণের পর থেকেই নতুন সরকারকে ঘিরে রাজধানীসহ সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিকদের পাশাপাশি তরুণদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন সরকারের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়ন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন