রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেলেন ইশরাক হোসেন

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৬:৩১ পিএম

নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেলেন ইশরাক হোসেন

শপথ নিলেন ইশরাক হোসেন

তারেক রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশের নতুন মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ঢাকা-৬ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 

বিএনপির এই তরুণ নেতাকে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান রাজনৈতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন ইশরাক হোসেন। 

তিনি মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের পর সংসদে প্রবেশের প্রথম সুযোগেই তাঁকে সরকারের নির্বাহী বিভাগে অন্তর্ভুক্ত করা হলো। 

বিশেষ করে মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ ও তাঁদের কল্যাণে কাজ করার এই দায়িত্ব তাঁর ওপর অর্পণ করায় সন্তোষ প্রকাশ করেছেন দলীয় নেতা-কর্মীরা।নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাত্র পাঁচ দিনের মাথায় এই নতুন সরকার গঠিত হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ইশরাক হোসেনসহ ২৪ জন দায়িত্ব গ্রহণ করেছেন। 

ইশরাক হোসেনের পাশাপাশি নুরুল হক নুর, জোনায়েদ সাকি এবং শামা ওবায়েদের মতো তরুণ ও অভিজ্ঞ নেতাদেরও প্রতিমন্ত্রীর তালিকায় রাখা হয়েছে। নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভা দেশের চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।ইশরাক হোসেনের বাবা মরহুম সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। 

পিতার উত্তরাধিকারী হিসেবে ইশরাক হোসেনের এই নতুন দায়িত্ব প্রাপ্তিকে ঢাকার রাজনীতিতে তাঁর অবস্থানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। শপথ গ্রহণ শেষে ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকার জনগণ এবং দলীয় চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এখন দেখার বিষয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর দপ্তরে এই তরুণ নেতা কতটুকু সফলভাবে কাজ সম্পন্ন করতে পারেন।