ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:১৩ এএম
বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বুধবার ১৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিসভার নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। এর মাধ্যমে দেশের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সাভার স্মৃতিসৌধ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বেলা ১১টার কিছু সময় আগে তিনি সড়কপথে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
মন্ত্রিসভার ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর প্রায় সবাই এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। স্মৃতিসৌধ এলাকা তখন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে।স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করতে রওনা হন।
সেখানে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত শেষে তিনি রাজধানীর শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে সরাসরি সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। সরকারের প্রথম কর্মদিবসে ব্যস্ততম সূচির মধ্য দিয়ে সময় পার করবেন নতুন এই সরকারপ্রধান।সচিবালয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছাবেন।
সেখানে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় শেষে দুপুর ৩টায় নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। মন্ত্রিসভার বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবালয়ের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। দেশের ১১তম ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আজই হবে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে তার প্রথম আনুষ্ঠানিক অফিস। নতুন সরকারের এই যাত্রাকে ঘিরে সচিবালয়সহ সারাদেশে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক কর্মতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন