ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:২৯ এএম
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ বুধবার ১৮ ফেব্রুয়ারি প্রথম কার্যদিবসে সচিবালয়ে অফিস করবেন তারেক রহমান। এদিন বিকেল ৩টায় তার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিপরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। সচিবালয়ের ১ নম্বর ভবনের তৃতীয় তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ কক্ষে এই সভা হওয়ার কথা রয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের এই প্রথম বৈঠককে ঘিরে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর আজকের কর্মপরিকল্পনা অনুযায়ী, সকাল ১০টায় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছাবেন। সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে প্রথমবারের মতো অফিস করবেন।
এরপর তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত পরিচিতিমূলক সভায় অংশ নেবেন। কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর বিকেল ৩টায় তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন।মন্ত্রিপরিষদের এই প্রথম বৈঠকে নবনিযুক্ত ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। যদিও এটি মূলত পরিচিতিমূলক বৈঠক হিসেবে ধরা হচ্ছে, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা করছে যে এই সভায় নতুন সরকারের কর্মপরিকল্পনা এবং রাষ্ট্র পরিচালনার প্রাথমিক দিক-নির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
এছাড়া দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনিক সংস্কার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের বিশেষ বার্তা দিতে পারেন।মন্ত্রিসভার বৈঠকের পর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথক একটি মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনেই প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য মাঠ পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করতেই এই সভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সচিবালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরে জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীকেও বিশেষ নজরদারিতে দেখা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন