ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:০৬ পিএম
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হচ্ছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন রমজানের ২৭তম রাত অর্থাৎ আগামী ১৬ মার্চ দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি সভায় সভাপতিত্ব করেন এবং আনুষ্ঠানিকভাবে রমজানের চাঁদ দেখার সংবাদ ঘোষণা করেন।
১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করতে দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও আঞ্চলিক কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান বা স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। সকল সূত্র থেকে চাঁদ দেখার সংবাদ নিশ্চিত হওয়ার পরেই জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা প্রদান করে।
সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেকসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম ও উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।মন্ত্রী তাঁর বক্তব্যে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান এবং সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের নৈতিক ও আত্মিক পরিশুদ্ধি অর্জনের আহ্বান জানান।
সভায় ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। চাঁদ দেখা যাওয়ার সংবাদ প্রচারের পর থেকেই দেশজুড়ে ধর্মীয় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আজ রাত থেকেই দেশের সকল মসজিদে তারাবির নামাজ শুরু হবে এবং মুসলিম উম্মাহ শেষ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে প্রথম রোজার প্রস্তুতি সম্পন্ন করবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন