রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে রমজানের ছুটি

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:৩৮ এএম

আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে রমজানের ছুটি

স্কুলে শুরু হলো ছুটি।

পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ কলেজ ও মাদরাসায় আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়েছে। এর আগে কলেজ ও মাদরাসায় আলাদাভাবে ছুটি কার্যকর হলেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানগুলো খোলা রাখা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়। 

সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে আজ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। 

যেহেতু ২৬ মার্চ বৃহস্পতিবার এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি, তাই পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা টানা কয়েকদিন বিশ্রামের সুযোগ পাবেন। মূলত রমজানের পবিত্রতা রক্ষা এবং শিক্ষার্থীদের ধর্মীয় আচার পালনের সুবিধার্থেই সরকার এই ছুটির সময়সীমা পুনর্নির্ধারণ করেছে। 

প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় নিয়মিত ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।এর আগে গত ১৯ জানুয়ারি প্রকাশিত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকেই দেশের মাদরাসাগুলোতে ছুটি কার্যকর করা হয়েছে। অন্যদিকে কলেজের ছুটির নির্ধারিত বর্ষপঞ্জি অনুযায়ী বুধবার থেকেই সেখানে রোজা ও ঈদের ছুটি শুরু হয়। 

তবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলো খোলা রাখা নিয়ে উচ্চ আদালতে আইনি প্রক্রিয়া চলায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে গত কয়েকদিন ধরে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছিল। মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন সেই সংশয় দূর করেছে। এখন থেকে দেশের সব স্তরের শিক্ষার্থীরা একযোগে রমজানের এই দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।