রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

পে-স্কেল বাস্তবায়ন কবে, যা বললেন নতুন অর্থমন্ত্রী

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১১:১৩ এএম

পে-স্কেল বাস্তবায়ন কবে, যা বললেন নতুন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি বর্তমান দেশের আর্থিক সক্ষমতা এবং অন্যান্য কারিগরি দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, পে-স্কেলের সুপারিশগুলো না দেখে এখনই কোনো সুনির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়। 

মোট কত টাকার প্রয়োজন হবে এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তা কতটুকু কার্যকর করা যাবে, সেটি আগে খতিয়ে দেখা হবে। বিশেষ করে দেশের কর ও জিডিপির অনুপাত দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন পর্যায়ে থাকায় বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

অর্থনীতির সামগ্রিক সংস্কার নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি হতে হবে সর্বজনীন। এখানে সব শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। ৫ আগস্ট পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষায় বড় পরিবর্তন এসেছে এবং সেই অনুযায়ী অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে। 

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনাকে তিনি অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তিনি মনে করেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে এসে একটি গণতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করা জরুরি। এর জন্য প্রয়োজন নিয়ন্ত্রণমুক্ত বাজার ও উদারীকরণ।আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, শুধুমাত্র বড় শিল্প বা ম্যানুফ্যাকচারিং খাতের ওপর নির্ভরশীল না থেকে অর্থনীতিকে বহুমুখী করতে হবে। 

গ্রামীণ কুটির শিল্প এবং স্থানীয় কারুশিল্পীদের প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে যুক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। উদাহরণ হিসেবে তিনি বরিশালের শীতলপাটির কথা উল্লেখ করে বলেন, কারিগরদের যদি সঠিক ঋণ সহায়তা এবং অনলাইন মার্কেটিংয়ের সুবিধা দেওয়া যায়, তবে এর একটি বড় বাজার তৈরি হতে পারে। অর্থনীতির সুফল যাতে তৃণমূলের মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই কাজ করবে সরকার।