রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

মেট্রোরেলে ইফতার করা যাবে কি? জানাল কর্তৃপক্ষ

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১১:৫৪ এএম

মেট্রোরেলে ইফতার করা যাবে কি? জানাল কর্তৃপক্ষ

মেট্রোরেলের নতুন সময়সূচি

পবিত্র রমজান মাসে মেট্রোরেলের অভ্যন্তরে ইফতার বা যেকোনো ধরনের খাবার গ্রহণের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন নির্দেশনা অনুযায়ী, ইফতারের সময় হলেও মেট্রোরেলের ভেতরে বা স্টেশন এলাকায় কোনো ধরনের ইফতার সামগ্রী বহন বা গ্রহণ করা যাবে না। তবে রোজাদার যাত্রীদের সুবিধার্থে শুধুমাত্র ২৫০ মিলিলিটার পরিমাণ পানির বোতল বহনের অনুমতি দেওয়া হয়েছে। 

১৬ ফেব্রুয়ারি ডিএমটিসিএল-এর পরিচালক এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, যাত্রীরা শুধুমাত্র ইফতারের সময় পানি পান করতে পারবেন। তবে এই ক্ষেত্রে পানি যেন নিচে না পড়ে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। 

ব্যবহৃত পানির খালি বোতল যত্রতত্র না ফেলে স্টেশনের প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেটে নির্ধারিত ডাস্টবিনে ফেলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। 

প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, যা বিগত বছরগুলোতেও কার্যকর ছিল। পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে রমজান মাসের নতুন অফিস সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আজ বৃহস্পতিবার থেকে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি সকাল সাড়ে ৬টায় ছেড়ে আসবে এবং দিনের শেষ ট্রেনটি ছাড়বে রাত সাড়ে ৯টায়। 

অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেনটি যাত্রা করবে রাত ১০টা ১০ মিনিটে। ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে এই নতুন সময়সূচি বহাল থাকবে।যাত্রীদের চাপ বিবেচনায় ট্রেনের মধ্যবর্তী সময়ের ব্যবধানেও পরিবর্তন আনা হয়েছে। অফিসগামী যাত্রীদের সুবিধার্থে সকাল ও বিকেলে ব্যস্ত সময়ে (পিক আওয়ার) সাড়ে ৫ থেকে ৬ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে। 

তবে দুপুরের দিকে এবং রাতের শেষ ভাগে এই ব্যবধান ৮ থেকে ১৫ মিনিট পর্যন্ত হতে পারে। ডিএমটিসিএল জানিয়েছে, রমজান মাসে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্দিষ্ট নিয়ম মেনে যাতায়াত করার মাধ্যমে মেট্রোরেলের পরিবেশ বজায় রাখতে যাত্রীদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।