রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে যেসব তথ্য মিলবে

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০১:২০ পিএম

প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে যেসব তথ্য মিলবে

পিএমও বাংলাদেশ ফেসবুক পেজ

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পর সরকারের সব ধরনের দাপ্তরিক আপডেট ও উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে একটি অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে। বুধবার নতুন সরকারের প্রথম কার্যদিবসেই আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’। 

এই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন থেকে সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়ন প্রকল্প, জরুরি ঘোষণা এবং প্রধানমন্ত্রীর অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন কর্মসূচির তথ্য সরাসরি নাগরিকরা জানতে পারবেন।

পেজটি উদ্বোধনের পর থেকেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। উদ্বোধনের প্রথম দিনেই প্রায় ৩ লাখ ৭০ হাজার অনুসারী এই পেজের সঙ্গে যুক্ত হন। বর্তমানে এই অনুসারীর সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ছাড়িয়ে গেছে যা সরকারের প্রতি সাধারণ মানুষের আগ্রহের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। 

পেজটির প্রোফাইল ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি এবং কভার ফটোতে জাতীয় পতাকা, সরকারি লোগো ও জনসমাবেশে প্রধানমন্ত্রীর উপস্থিতির দৃশ্য স্থান পেয়েছে। ডিজিটাল মাধ্যমে তথ্যপ্রবাহ আরও গতিশীল এবং স্বচ্ছ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে সরকারি সব সিদ্ধান্ত ও রাষ্ট্রীয় কার্যক্রম নিয়মিতভাবে এই পেজে শেয়ার করা হবে। 

এর ফলে নাগরিকরা যেকোনো গুজব বা বিভ্রান্তি এড়িয়ে সরাসরি সঠিক তথ্য পাবেন। পেজটি চালুর পর থেকেই বিভিন্ন প্রজ্ঞাপন এবং প্রধানমন্ত্রীর দৈনন্দিন রাষ্ট্রীয় কর্মসূচির আপডেট নিয়মিত প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি এই প্ল্যাটফর্মে সাধারণ নাগরিকরা মন্তব্য বা প্রতিক্রিয়ার মাধ্যমে নিজেদের মতামত জানানোর সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে সরকারের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে মনে করছে সরকার।