ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০১:২৫ পিএম
বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়। এবারের তালিকায় অভিনয় শিল্পে অবদানের জন্য মনোনীত হয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।
এছাড়া সংগীতে মরণোত্তর পদক পাচ্ছেন গিটার জাদুকর আইয়ুব বাচ্চু এবং প্রথমবারের মতো কোনো ব্যান্ড হিসেবে একুশে পদকের জন্য মনোনীত হয়েছে ওয়ারফেজ।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্যান্য শাখায় পদকপ্রাপ্তরা হলেন চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকার। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মনোনীত হয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।
এছাড়া শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস এই রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে অনন্য সাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখায় তাদের এই পদকে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করা হয়ে থাকে।
ভাষা ও সাহিত্যের পাশাপাশি শিল্পকলা, শিক্ষা, সাংবাদিকতা, অর্থনীতি ও সমাজসেবার মতো বিভিন্ন শাখায় যারা অসামান্য অবদান রাখেন, তাদের রাষ্ট্রীয়ভাবে এই সম্মাননা জানানো হয়। সাধারণত একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মনোনীতদের হাতে এই পদক তুলে দেওয়া হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন