ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:১৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে এসে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
দীর্ঘ সময় পর তেজগাঁও কার্যালয়ে সরকারপ্রধানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের দেখে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে কাছে ডেকে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। সরকারপ্রধানকে এত কাছ থেকে পেয়ে এবং তাঁর আন্তরিক ব্যবহারে সংশ্লিষ্টরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এমন অমায়িক আচরণে তাঁরা কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলেন যে তাঁরা দেশের শীর্ষ ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছেন।
অফিসের কার্যক্রম শুরু করার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.) সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করা হয়। প্রধানমন্ত্রী তাঁর নতুন কর্মস্থলে দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দাপ্তরিক কাজের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই ডাকটিকিট অবমুক্ত করা হয়। এটি তেজগাঁও কার্যালয়ে তাঁর প্রথম দাপ্তরিক স্বাক্ষর ও আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ। ডাকটিকিট উন্মোচন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এর মাধ্যমেই তেজগাঁও কার্যালয়ে নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন