ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:৩৯ পিএম
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মন্ত্রিপরিষদ কক্ষে আয়োজিত এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর তেজগাঁও কার্যালয়ে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সভা। বৈঠকে সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক সহনশীলতা বৃদ্ধি এবং বিভেদ সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন।
তিনি উল্লেখ করেন যে কোনো বিশেষ গোষ্ঠী বা মহল যেন ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে কড়া নজরদারি রাখতে হবে।
সামাজিক সহাবস্থান নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপরও বৈঠকে গুরুত্বারোপ করা হয়েছে। উপস্থিত সদস্যরা বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তাদের সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ প্রধানমন্ত্রীকে অবহিত করেন।সভায় আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা।
কোনো অপপ্রচার যেন জনমনে বিভ্রান্তি তৈরি করতে না পারে সে জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এই বৈঠক থেকে সামাজিক সম্প্রীতি রক্ষায় জাতীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন