শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর বড় বৈঠক

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৫:৩৬ পিএম

শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর বড় বৈঠক

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দমুখর ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। সভায় শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং আধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তেজগাঁও কার্যালয়ে এটিই ছিল তাঁর প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিক সভা।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে কেবল ডিগ্রিধারী হওয়া নয় বরং শিক্ষার্থীদের বাস্তব জীবনের উপযোগী ও প্রায়োগিক শিক্ষা নিশ্চিত করতে হবে। বর্তমান সময়ের চাহিদার সঙ্গে মিল রেখে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন তিনি। 

এছাড়া তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের যুবসমাজকে আরও দক্ষ করে তোলার ওপরও জোর দেওয়া হয়।প্রেস সচিব আরও জানান, সরকারপ্রধান হিসেবে আজ ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত বুধবার ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে অফিস করেছেন। আজ প্রথমবারের মতো তিনি তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস করেন এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 

এই সভার মাধ্যমে দেশের শিক্ষা ও কর্মসংস্থান খাতের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের টেকসই উন্নয়ন ও তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে সভার আলোচনায় উঠে আসে।