ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:০৬ এএম
আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন এবং একুশে পদক প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন। পরবর্তীতে একই দিন বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি মাসব্যাপী এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
শনিবার রাজধানীর একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।সংস্কৃতি মন্ত্রী জানান, একুশে পদক প্রদানের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
রাজধানীর একটি নির্দিষ্ট ভেন্যুতে সকালে পদক বিতরণ অনুষ্ঠান হবে এবং এরপর বিকেলে প্রধানমন্ত্রী সশরীরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আয়োজিত বইমেলা উদ্বোধন করবেন। ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে প্রতি বছর আয়োজিত এই দুটি অনুষ্ঠানকে ঘিরে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
পদকপ্রাপ্ত গুণীজনদের তালিকাও ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এবারের বইমেলায় প্রকাশকদের জন্য একটি বিশেষ ঘোষণা দিয়েছে সরকার। মেলায় অংশগ্রহণকারী সকল প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে দেশের সৃজনশীল প্রকাশনা শিল্পের প্রসারে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন প্রকাশকরা।
সাধারণত স্টল ভাড়া নিয়ে প্রকাশকদের মধ্যে যে চিন্তা থাকে, এবারের মওকুফের সিদ্ধান্তে তারা স্বস্তি প্রকাশ করেছেন। আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা এবং সুষ্ঠু মেলার স্বার্থে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলগুলোতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন