ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১০:১০ পিএম
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন খলিলুর রহমান। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি জরুরি বৈঠকে অংশ নিতে মঙ্গলবার রাতে তিনি জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আগামী বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিতব্য এই মন্ত্রী পর্যায়ের বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন এবং নতুন করে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে যে, এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রতিনিধি দলে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি অবৈধভাবে দখলের পর সেখানে নতুন করে বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। একই সঙ্গে ওই এলাকাটিকে ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ড হিসেবে ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথাও বলা হয়েছে।
ইসরায়েলের এই একতরফা ও উস্কানিমূলক সিদ্ধান্তের প্রতিবাদে এবং এর আইনি ও রাজনৈতিক প্রভাব মোকাবিলায় ওআইসি এই জরুরি বৈঠক আহ্বান করেছে। ওআইসির মতে, ইসরায়েলের এমন পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডের জনসংখ্যাগত ভারসাম্য নষ্ট করবে এবং দীর্ঘদিনের আলোচিত দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে আন্তর্জাতিক মহলে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।
জেদ্দায় অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওআইসির মূল অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি সদস্যভুক্ত একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে পারেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম রাষ্ট্রীয় সফর হওয়ায় কূটনৈতিক মহলে এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে।
বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ওআইসি প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান জোরালো করার ক্ষেত্রে এই সফর সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সফর শেষে প্রতিনিধি দলটি দ্রুতই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন