ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:০৫ এএম
দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের সেল গঠন করেছে সরকার। নবগঠিত এই সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মূলত দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা এবং জলাশয়গুলোর নাব্যতা ফিরিয়ে আনতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সেলটি দেশের নদী ও জলাশয় খননের জন্য দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরি করবে।
সরকারি বিভিন্ন সংস্থা ও দপ্তরের অধীনে চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় করার পাশাপাশি খনন কাজের গুণগত মান তদারকি করবে এই কমিটি। এ ছাড়া খনন কার্যক্রমের পথে কোনো ধরনের সমস্যা দেখা দিলে তা সমাধানের দিকনির্দেশনা দেবে এই সেল। জনগণের সম্পৃক্ততা বাড়াতে সচেতনতামূলক প্রচারের দায়িত্বও পালন করবে তারা।
কমিটির সদস্যরা প্রয়োজনে আলোচনা করে নতুন সদস্য কো-অপ্ট করার সুযোগ পাবেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে দাপ্তরিক সুযোগ-সুবিধা ভোগ করবেন আট সদস্যবিশিষ্ট এই সেলে মির্জা আব্বাসের পাশাপাশি সদস্য হিসেবে থাকছেন সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবগণ। এদের মধ্যে ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা অন্তর্ভুক্ত রয়েছেন।
এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এই কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে এই সেলের সদস্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনটি জারির সাথে সাথেই এটি কার্যকর বলে গণ্য হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন