রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:২৫ এএম

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই পদক হস্তান্তর করেন। 

সরকারের পক্ষ থেকে প্রতি বছর ভাষা আন্দোলন, শিল্প-সংস্কৃতি ও সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এই সম্মাননা প্রদান করা হয়।

এ বছর একুশে পদকপ্রাপ্তদের তালিকায় চলচ্চিত্রের জন্য ফরিদা আক্তার ববিতা এবং সাংবাদিকতায় শফিক রেহমানকে এই পদক প্রদান করা হয়েছে। এ ছাড়া চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম এবং সংগীতে জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। 

নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ এই পদক লাভ করেন। এবারের আসরে অন্যতম বিশেষত্ব ছিল একক ব্যক্তির পাশাপাশি সংগীত দল হিসেবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে পদকে ভূষিত করা।প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, মন্ত্রিসভার সদস্যগণ এবং দেশের আমন্ত্রিত বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। 

পদক প্রাপ্তদের হাতে সম্মাননা পদক, সনদ এবং পুরস্কারের নির্দিষ্ট অর্থমূল্য তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদক বিজয়ীদের অভিনন্দন জানান এবং দেশের সামগ্রিক সমৃদ্ধিতে তাদের নিরলস কাজের গুরুত্ব তুলে ধরেন। পদক বিতরণ শেষে গুণীজনদের সম্মানে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মূলত ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং জাতীয় মেধা বিকাশে উৎসাহ দিতেই প্রতি বছর এই আয়োজন করা হয়।